সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কের ছাতক এলাকায় যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন।
শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও–আলমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পিকআপচালক রাকিব হোসেন (৩০)। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার বাসিন্দা এবং লেয়াকত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জগামী এনা পরিবহণের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি রাস্তার পাশের একটি ছোট খালে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই পিকআপচালকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় বাস ও পিকআপের কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের তালিকায় বাসের চালকও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। নিহত রাকিব হোসেনের মরদেহ জয়কলস হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply