ডেস্ক রিপোর্ট:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোট থেকে সরে এসে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, দলটি ইতোমধ্যে ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি ৩২টি আসনে সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান স্পষ্ট করে বলেন,
“ইসলামী আন্দোলন বাংলাদেশ এবারের নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে।
এর আগে আসন বণ্টন নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১০ দল ২৫৩টি আসনে সমঝোতায় পৌঁছায়। এর মধ্যে তিনটি আসন একাধিক শরিক দলের জন্য উন্মুক্ত রাখা হয়।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ওই জোটের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের জন্য মঞ্চে চেয়ার রাখা হলেও দলটির কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না।
এছাড়া বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক এবং রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলন—দুটিই বর্জন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও জোটের পক্ষ থেকে দলটির জন্য পাঁচটি উন্মুক্ত আসনসহ মোট ৪৭টি আসন বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছিল।
সবশেষে শুক্রবার নিজস্ব সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান স্পষ্ট করে জানায়।
এর আগে জানা যায়, ইসলামী আন্দোলন যদি শেষ পর্যন্ত নির্বাচনী ঐক্যে না আসে, তাহলে ফাঁকা রাখা আসনগুলোতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা নির্বাচন করবেন।
Leave a Reply