মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সরকার বাজার এলাকায় অবস্থিত রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় থার্মাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কারখানার ভেতরে মেশিনের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন কারখানার সহকারী ম্যানেজার মো. আসাদুল ইসলাম। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা।
এ ঘটনায় আহত হয়েছেন বয়লারের হেলপার মো. আব্দুল হাকিম (সিরাজগঞ্জ), ইলেকট্রিশিয়ান মো. আব্দুল বাশার চেস্তি (বগুড়া) এবং কারখানার মেশিন সার্ভিসিং কাজে আসা গোলাম রব্বানী (ঢাকা)। আহতদের শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজের রেসিডেন্স ম্যানেজার শাকিল আহমেদ জানান, মেশিনের নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ব্যাকফায়ারের কারণে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply