ডেস্ক রিপোর্ট:: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় শনিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।
সকাল আনুমানিক ৭টার দিকে ওসমানীনগরের দয়ামীর এলাকায় বিপরীত দিক থেকে আসা তিনটি যাত্রীবাহী বাসের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। নিহতদের একজন শ্যামলী পরিবহনের সুপারভাইজার মজিবুর রহমান (৫৫)। তিনি শরিয়তপুর জেলার নগরিয়া উপজেলার বাসিন্দা। অপরজন ওসমানীনগরের কুরুয়া গ্রামের বাসিন্দা বকুল রবি দাস (২৮)।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
Leave a Reply