কুমিল্লায় অভিনব কৌশলে পেটে ইয়াবা বহন, গ্রেপ্তার মাদক কারবারি

ডেস্ক রিপোর্ট::কুমিল্লায় পেটের ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের সময় আব্দুল হাকিম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভোরের দিকে আলেখারচর এলাকার একটি চক্ষু হাসপাতালের গলির মুখে মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল হাকিম। এসময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার আচরণে অসংগতি লক্ষ্য করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, অভিনব উপায়ে পেটের ভেতরে ইয়াবা বহন করছে।
পরবর্তীতে পুলিশ তাকে একটি টয়লেটে নিয়ে গেলে তার পায়ুপথ থেকে স্কচটেপে মোড়ানো ২৪টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ১ হাজার ২০০ ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আব্দুল হাকিম কক্সবাজারের টেকনাফ উপজেলার দেলার ২৪ নম্বর ক্যাম্পের মৃত আলী আকবরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে এভাবে শরীরের ভেতরে লুকিয়ে বিভিন্ন বাসে করে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল তার।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ আবুল বাশার জানান, কুমিল্লায় নেমে অন্য একটি বাসে ওঠার অপেক্ষায় ছিল হাকিম। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা