-
- জাতীয়
- ড. রেজা কিবরিয়া-এর মতবিনিময় সভা।। নবীগঞ্জে উন্নয়ন কার্যক্রমে সর্বস্তরের সহযোগিতা কামনা
- আপডেট টাইম : February, 25, 2026, 9:03 pm
- 5 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ ও বাহুবল উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত ও পরিকল্পিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী সিমি কিবরিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া, কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক চৌধুরী মনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী, পল্লী বিদ্যুৎ ডিজিএম আসাদ্দুজ্জামান অনুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, সাদিকুর রহমান শিশু, নাদির আহমেদ সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস. আর. চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তব্যকালে সংসদ সদস্য বলেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ২৪ ঘণ্টা আনসার সদস্য মোতায়েন এবং কমপক্ষে একজন পুলিশ সদস্যের সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। এতে কর্মরত চিকিৎসক ও নার্সরা নিরাপদ পরিবেশে স্বাস্থ্যসেবা দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালে এক্স-রে মেশিন থাকলেও টেকনিশিয়ানের অভাবে তা কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অবকাঠামোগত ঘাটতি পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।
যোগাযোগ ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় নদীর ওপর এখনও বাঁশের সাঁকো রয়েছে, যা জনসাধারণের চলাচলে ঝুঁকিপূর্ণ। তিনি উপজেলা প্রকৌশলীকে রাস্তাঘাটের বর্তমান অবস্থা পর্যালোচনা করে বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করে দ্রুত উপস্থাপনের নির্দেশ দেন। উপজেলার সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
সংসদ সদস্য বলেন, “বাংলাদেশের সকল নাগরিককে সমানভাবে সেবা দিতে হবে। কোনো অন্যায়কারীর কাছে মাথা নত করা যাবে না। অন্যায় যে-ই করুক, তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।”
এর আগে সকাল ১০টায় তিনি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদসহ চিকিৎসক ও নার্সরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply