তারেক রহমান-এর সচিবালয়ে প্রথম কর্মদিবস, নতুন মন্ত্রিসভার বৈঠক আজ

ডেস্ক রিপোর্ট ::দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর তিনি সচিবালয়ে পৌঁছান। এর আগে সকালে তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। নতুন ১ নম্বর ভবনের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেন। একই ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই সভাপতিত্ব করবেন। এটি পরিচিতিমূলক বৈঠক হলেও সরকারের অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রথম কর্মদিবস উপলক্ষে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়। করিডোরজুড়ে বসানো হয় নতুন ফুলের টব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক স্থাপন করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করতে প্রস্তুত ছিলেন।
নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। বিশেষ করে নতুন ১ নম্বর ভবন ঘিরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ভবনের প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করে পরিচয়পত্র যাচাই শেষে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হয়। নিচতলায় সেনাবাহিনী ও র‍্যাবের ডগ স্কোয়াড মোতায়েন থাকতে দেখা গেছে। মূল ফটকেও ছিল বাড়তি নিরাপত্তা।
প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে প্রশাসনের গতি বাড়ানো, শৃঙ্খলা ও সমন্বয় জোরদার করা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে। মঙ্গলবার বিকেলে নতুন প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রায় দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। দলীয় চেয়ারম্যান হিসেবে এবারই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন তারেক রহমান। সচিবালয়ে তার প্রথম কর্মদিবস ঘিরে প্রশাসনে ছিল উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা