ডেস্ক রিপোর্ট ::নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ইরানের নারী ফুটবল দলের পাঁচ সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। আশ্রয়প্রার্থীদের মধ্যে দলের অধিনায়কও রয়েছেন।
জানা গেছে, গভীর রাতে তারা হোটেল ত্যাগ করে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের কাছে আশ্রয়ের আবেদন করেন। এর আগে এশিয়ান কাপের একটি ম্যাচ শুরুর সময় ওই পাঁচ ফুটবলার ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দেওয়া হয়।
এ অবস্থায় দেশে ফিরলে নিজেদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন তারা। তাই অস্ট্রেলিয়ায় থাকার আবেদন করেছেন।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই পাঁচ খেলোয়াড়কে আশ্রয় দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই প্রস্তুতি চলছিল। তিনি বলেন, এই সাহসী নারীদের পদক্ষেপ অস্ট্রেলিয়ার মানুষের মনকে নাড়া দিয়েছে এবং তারা এখানে নিরাপদ থাকবেন।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, কয়েকদিন ধরে গোপনে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চলছিল। হোটেল ছাড়ার পর তাদের একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং বিশেষ ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ইরান দলের অন্য খেলোয়াড়রাও চাইলে অস্ট্রেলিয়ায় থাকার সুযোগ পেতে পারেন।
তবে ইরানের বাকি খেলোয়াড়রা দেশে ফিরবেন কি না বা কবে অস্ট্রেলিয়া ত্যাগ করবেন— সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: সমকাল।
Leave a Reply