ডেস্ক রিপোর্ট ::বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার দিবাগত শেষরাত থেকে সারা দেশে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা দেন।
তিনি জানান, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে কমিটি নিশ্চিত হয়েছে যে, বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে।
ধর্মমন্ত্রী আরও বলেন, সে হিসেবে আগামী ২৬ রমজান, ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে ইনশাআল্লাহ। তিনি দেশবাসীর কাছে রমজানের পবিত্রতা রক্ষা ও বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে সবার নেক আমল কবুল হওয়ার প্রার্থনা করেন।
চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী। এতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।
Leave a Reply