নবীগঞ্জে দোকানঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য কাকুড়া গ্রামের সফলু মিয়ার দোকানঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সজলু মিয়া জানান, রাতের কাকড়া গ্রামের ফারুল ইসলাম, ইলাছ উদ্দিন, জোবায়ের, আলী হোসেন, ধন মিয়া ও আবুল কালামের নেতৃত্বে শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে তার দোকানঘরে প্রকাশ্যে হামলা চালায়। হামলাকারীরা দোকান ভাঙচুর করে মূল্যবান কাপড় লুটপাট করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, সোমবার সকালে তার বসতবাড়ি ভাঙচুরের প্রস্তুতি চলছিল। বিষয়টি সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনী ও ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
তাদের উপস্থিতিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে সেনাবাহিনী চলে যাওয়ার পর আবারও হামলাকারীরা দোকানে ভাঙচুর শুরু করে বলে অভিযোগ করেন তিনি।
সজলু মিয়া অভিযোগ করেন, হামলাকারীরা তাকে এলাকা ছাড়া করার পায়তারা করছে এবং তাকে হত্যার হুমকিও দিয়েছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে, অভিযুক্তদের পক্ষ থেকে ইলাছ উদ্দিন দাবি করেন, সজলু মিয়া সরকারি পতিত জমিতে দোকানঘর নির্মাণ করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে সজলু মিয়া বলেন, তিনি দলিলমূলে ক্রয়কৃত নিজস্ব জায়গায় বৈধভাবে দোকানঘর নির্মাণ করেছেন।
এ বিষয়ে ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা