নবীগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুটি বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আহমদ আলী একটি বীমা কোম্পানি এবং মৌলদ হোসেন অন্য একটি প্রতিষ্ঠানে কর্মরত। গ্রাহক বাড়ানো ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে এই বিরোধ দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা বাড়তে থাকে। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ ঘটনায় ইটপাটকেল নিক্ষেপসহ ব্যাপক সহিংসতা দেখা যায়।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা জানান, গ্রাহক সংক্রান্ত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply