প্রতীক বরাদ্দে উত্তপ্ত হবিগঞ্জ-১, ভোটের মাঠে কিবরিয়া–সুজাতসহ ৫ প্রার্থীর লড়াই

নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা। দেশের অন্যান্য জেলার মতো হবিগঞ্জের চারটি সংসদীয় আসনেও এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসন। প্রতীক হাতে পাওয়ার পরপরই প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম হয়ে উঠেছে পুরো নির্বাচনী এলাকা।
বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক গ্রহণের পর থেকেই প্রার্থীরা নিজ নিজ রাজনৈতিক কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ শুরু করেছেন। গ্রাম থেকে গ্রাম, হাট-বাজার, চায়ের দোকান ও জনসমাগমস্থলগুলো এখন রীতিমতো নির্বাচনী আলোচনার মঞ্চে পরিণত হয়েছে।
নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন,ড. রেজা কিবরিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),  প্রতীক ধানের শীষ,শেখ সুজাত মিয়া, স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী), প্রতীক ঘোড়া,মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস,প্রতীক রিকশা,মোহাম্মদ বদরুর রেজা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, প্রতীক চেয়ার,কাজী তোফায়েল আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ),  প্রতীক মোটরগাড়ি।
প্রতীক বরাদ্দের পর নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কোনো প্রার্থী বা সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠ পর্যায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
প্রচার-প্রচারণার শুরুতেই সবচেয়ে বেশি সরব দেখা যাচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার অনুসারীদের। দুই শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের মাঝে চলছে হিসাব-নিকাশ-উন্নয়ন, অতীত কর্মকাণ্ড ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতার বিচারে কে এগিয়ে থাকবেন।
সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই এবার ভোটাধিকার প্রয়োগ নিয়ে আশাবাদী। একজন ভোটার বলেন, “ভালো মানুষ আর এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন, তাকেই ভোট দেব।” এমন মনোভাব এবার নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ১৬ জন, নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ২৬৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।
ভোটগ্রহণের জন্য এই আসনে মোট ১৭৭টি স্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে ৯০৫টি স্থায়ী এবং ১৪টি অস্থায়ী ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। সব কেন্দ্রেই ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি হবিগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখন ভোটের দিন পর্যন্ত অপেক্ষা—শেষ পর্যন্ত কার গলায় উঠবে বিজয়ের মালা, সে দিকেই তাকিয়ে আছে নবীগঞ্জ ও বাহুবলের লাখো ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা