শপথের পর কোথায় থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান?

ডেস্ক রিপোর্ট ::মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর আপাতত তিনি নিজ বাসভবনেই অবস্থান করবেন বলে জানা গেছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-র সংস্কারকাজ চলমান থাকায় সেখানে উঠতে প্রায় এক মাস সময় লাগতে পারে। গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, সংস্কার শেষ হলে প্রধানমন্ত্রীর জন্য যমুনায় বসবাসের ব্যবস্থা করা হবে।
এদিকে নতুন প্রধানমন্ত্রীর জন্য স্থায়ী ও আধুনিক বাসভবন নির্মাণের পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে। সম্ভাব্যভাবে শেরেবাংলা নগর এলাকায় এ প্রকল্প বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে যমুনায় অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অতীতেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারা এ ভবন ব্যবহার করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দায়িত্বে থাকাকালে ঢাকা সেনানিবাসের মঈনুল রোডের বাসভবনে ছিলেন। অন্যদিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্বের সময়ে গণভবন-এ অবস্থান করতেন, যা বর্তমানে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান নিয়মিত অফিস করবেন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। মন্ত্রীদের দপ্তর ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা