ডেস্ক রিপোর্ট ::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটের পরিবেশ শান্ত ও নিয়ন্ত্রিত রাখতে ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সব ধরনের মিছিল, জনসভা ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং শেষের পরের ৪৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় কোনো ধরনের সমাবেশ বা মিছিল করা যাবে না। সেই হিসাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এদিন দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে ইসি।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সর্বাধিক ২৯১ জন প্রার্থী নিয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ২৫৮ জন, জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ২২৯ জন প্রার্থী দিয়েছে। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ১৯৮ জন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩২ জন প্রার্থী নিয়ে মাঠে রয়েছে।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply