ডেস্ক রিপোর্ট::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর উপজেলার একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার চুরির সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।
ইউএনও জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার নিয়ে তা ব্যালট বাক্সে না ফেলে সাদা কাগজ বাক্সে ঢুকিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করেন ওই যুবক। বিষয়টি নজরে এলে দায়িত্বরতরা তাকে আটক করেন।
পরে তিনি দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
Leave a Reply