ডেস্ক রিপোর্ট ::হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করলেও প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
এদিকে ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর ভোটকেন্দ্রে উশৃঙ্খল আচরণের অভিযোগে গোলাম রসুল রাসেল নামে এক প্রবাসী বিএনপি নেতাকে সেনাবাহিনী আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
নবীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন এবং বাহুবল উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ০৪৯ জন, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৭৭টি।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া, ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, কাজী তোয়ায়েল আহমেদ এবং মোহাম্মদ বদরুর রেজা।
Leave a Reply