ডেস্ক রিপোর্ট:: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দামে হঠাৎ বড় বৃদ্ধি হয়েছে। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২৮ টাকা, যা গত মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি। এতে প্রতি কেজিতে দাম বেড়েছে ৩২ টাকা ৩০ পয়সা।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই মূল্য ঘোষণা করে। সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে ফেব্রুয়ারির শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৩৫৬ টাকা। পরে আমদানি শুল্ক কমানোর ফলে ২৪ ফেব্রুয়ারি দাম কমিয়ে ১,৩৪১ টাকা করা হয়। তবে এপ্রিল মাসে এসে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা গেল।
বিইআরসি জানিয়েছে, বর্তমানে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৪৪ টাকা ৪ পয়সা। এই হিসেবে বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।
যদিও নির্ধারিত দামের চেয়ে বাজারে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে। ভোক্তাদের দাবি, ১২ কেজির একটি সিলিন্ডারে অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
অন্যদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকাই অপরিবর্তিত রাখা হয়েছে। গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম বাড়িয়ে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দামের ওপর ভিত্তি করে সৌদি আরবের আরামকোর নির্ধারিত সৌদি কার্গো মূল্য (সিপি) অনুসরণ করেই দেশে এলপিজির মূল্য নির্ধারণ করা হয়।
Leave a Reply