নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জ–আউশকান্দি সড়কের বাজকাশারা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি আবুল কালাম মিন্টু (৪৫)। তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইর গ্রামের ইউপি সদস্য ইউসুফ মিয়ার ভাই এবং পেশায় একজন সিএনজি চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে বাজকাশারা এলাকার ওই সড়কে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সড়কের পাশের দিকে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে সিএনজি চালক মিন্টুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, প্রাথমিকভাবে পিকআপের ধাক্কায় সিএনজি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। নিহতের পরিবার এখনো এ বিষয়ে কোনো মামলা দায়ের করেনি। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে তিনি জানান।
উল্লেখ্য, স্থানীয়রা সড়কে যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
Leave a Reply