ডেস্ক রিপোর্ট::জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একই স্থানে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা নিবেদনের পর পিলখানা ট্র্যাজেডিতে নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শহীদদের পরিবারের সদস্যদের কল্যাণও কামনা করা হয় এ সময়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে বনানীতে অবস্থিত সামরিক কবরস্থানে গিয়ে বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজেও এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয়। ২০০৯ সালের এ দিনে পিলখানায় সংঘটিত মর্মান্তিক ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
Leave a Reply