ডেস্ক রিপোর্ট:;ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহতের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এর মধ্যে ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
মামলার তথ্যে জানা যায়, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কয়েকজন ছাত্র তাকে আটক করে ফজলুল হক মুসলিম হলের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করা হয়।
পরবর্তীতে জানা যায় ওই যুবকের নাম তোফাজ্জল এবং তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরপরও তাকে অন্য একটি কক্ষে নিয়ে হাত বেঁধে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। প্রথম তদন্তে ২১ জনকে আসামি করা হলেও পরে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেয় আদালত। পরবর্তীতে পিবিআই নতুন করে তদন্ত করে আরও কয়েকজনকে যুক্ত করে মোট ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
বর্তমানে চারজন আসামি কারাগারে আছেন, দুজন জামিনে রয়েছেন এবং বাকি ২২ জন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
Leave a Reply