ভারতে গ্রেফতার হাদি হত্যা মামলার আসামি ফয়সাল-আলমগীর, আদালতে অস্বীকার

ডেস্ক রিপোর্ট:: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গত ৭ মার্চ বাংলাদেশ সীমান্তসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।
গ্রেফতার হওয়া ফয়সাল করিম মাসুদ (৩৭) পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪) ঢাকার বাসিন্দা। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিলেন। এসটিএফ সূত্র জানায়, সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিলেন তারা।
রোববার (২২ মার্চ) দুপুরে তাদের বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়। আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল করিম মাসুদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই।”
তাকে ফাঁসানো হয়েছে কিনা—এ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান তিনি। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময়ও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন ফয়সাল।
পালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। এছাড়া ভারতে অবস্থান করে দুবাইয়ে থাকার ভিডিও তৈরির অভিযোগ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা