ডেস্ক রিপোর্ট ::ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম সহ্য করা হবে না এবং সবাইকে সোজা পথে চলতে হবে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমি রাডার ফিট করেছি, কে কী করছে সব আমার নজরে আছে।” এ সময় তিনি সতর্ক করে দেন, কেউ নিয়ম ভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না; প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের পর ক্ষমতায় আসার প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নেতৃত্ব এখন আরও কঠোর অবস্থানে রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। তার বক্তব্যে স্পষ্ট ছিল—দলের ভেতরে কোনো ধরনের বিচ্যুতি বরদাশত করা হবে না।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রসঙ্গ তুলে দেশবাসীকেও সতর্ক করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব দেশের অর্থনীতিতে পড়তে পারে। বিশেষ করে তেলের দাম বাড়লে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়বে, ফলে সামনে চ্যালেঞ্জিং সময় আসতে পারে।
তেল সংকটকে কেন্দ্র করে সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পাম্প ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না।
এ সময় ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার প্রবণতারও সমালোচনা করেন তিনি। তার ভাষায়, মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। সৎভাবে কাজ করে মানুষের সেবা করাই মূল লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও জানান, কৃষকদের জন্য দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতা বাড়িয়ে আরও বেশি নারীকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সারা দেশে ২০ হাজার খাল খননের প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply