লিবিয়া থেকে গ্রিসগামী পথে সাগরে মৃত্যুমিছিল, মামলা দায়ের

ডেস্ক রিপোর্ট::লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় ভয়াবহ মানবিক বিপর্যয়ে ১২ জনের মৃত্যুর ঘটনায় সোমবার রাতে চারজন মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতদের একজন, সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামের সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান মামলার বাদী হন।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, সোমবার রাতে মামলা গ্রহণ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না।
গত শনিবার লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ২২ জন অভিবাসীর মৃত্যু হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি। নিহতদের মধ্যে সুনামগঞ্জ জেলার তিনটি উপজেলার ১২ জন রয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সমুদ্রযাত্রায় খাদ্য ও পানির তীব্র সংকটে যাত্রীরা একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে অনেকেই মারা যান। পাচারকারীদের নির্দেশে মৃতদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
নিহতদের মধ্যে দিরাই উপজেলার ছয়জন, জগন্নাথপুর উপজেলার পাঁচজন এবং দোয়ারাবাজার উপজেলার একজন রয়েছেন।
স্বজনদের অভিযোগ, মানব পাচারকারীদের সঙ্গে জনপ্রতি প্রায় ১২ লাখ টাকার চুক্তিতে লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। চুক্তি অনুযায়ী নিরাপদ ও বড় নৌকায় যাত্রার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়, যা এই মর্মান্তিক ঘটনার অন্যতম কারণ বলে তারা দাবি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা