নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো জিললুর রহমান নবীগঞ্জ থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার হাজতখানা, অস্ত্রাগার, ফোর্সের মেস ও ব্যারাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিআইজি থানার কর্মকর্তা ও ফোর্স সদস্যদের সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পেশাগত দায়িত্ব পালন, জনসেবার মানোন্নয়ন এবং শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করেন।
এ সময় ডিআইজি ড. মো. জিললুর রহমান বলেন, পুলিশ জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক। দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবার মান আরও উন্নত করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, দ্রুততম সময়ে জিডি ও মামলার কার্যকারিতা নিশ্চিত করা এবং গভীর দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনই হবে পুলিশের মূল লক্ষ্য। সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত ও দ্রুত সেবা পান, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
পরিদর্শনকালে তিনি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় নবীগঞ্জ থানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল স্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply