নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:“যে সমাজ বই পড়ে, সে সমাজ ইতিহাস গড়ে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে ইতিহাসভিত্তিক গ্রন্থ ‘নবীগঞ্জের ইতিকথা’ পাঠ ও মেধা যাচাই প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) নবীগঞ্জের হিরা মিয়া গার্লস হাই স্কুল মিলনায়তনে লাল-সবুজ সাইক্লিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বইপ্রেমীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক রেজাউল করিম, হিরা মিয়া গার্লস হাই স্কুলের শিক্ষক প্রদীপ রঞ্জিত দাশ, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন আহমদ, চৌশতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ লাবলু, রজনীগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার চৌধুরী পান্না, আনন্দ নিকেতন নবীগঞ্জের সভাপতি প্রণব দেব এবং বিশিষ্ট চিত্রশিল্পী আসাদ আহমদ সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন লাল-সবুজ সাইক্লিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মাজহারুল ইসলাম তারেক।
বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বই পড়ার আগ্রহ কিছুটা কমে গেলেও জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ ও মানবিক মূল্যবোধ গঠনে বইয়ের বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়তে বই পড়ার সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
প্রতিযোগিতায় নবীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করেন হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী মোছা. হাফিজা আক্তার নাদিয়া, দ্বিতীয় স্থান অর্জন করেন অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার কেয়া এবং তৃতীয় স্থান অর্জন করেন হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী জয়দীপ রায়।
পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। একই অনুষ্ঠানে ‘নবীগঞ্জের ইতিকথা’ গ্রন্থের লেখক মতিয়ার চৌধুরীকে লাল-সবুজ সাইক্লিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়। লেখকের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন ছালিক হোসেন চৌধুরী নূর গাঁও ও শাহিনুর আক্তার চৌধুরী পান্না।
অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোজাহিদ আহমেদ, সদস্য রিমন ইসলাম খান, কাওছার আহমেদ ও সৌমিক। এছাড়াও পরিকল্পনা ও সার্বিক আয়োজনে ছিলেন অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক শাহরিয়ার রশীদ বুলবুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাল-সবুজ সাইক্লিং ক্লাবের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, সমাজে পাঠাভ্যাস গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে বইমুখী করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
Leave a Reply