হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ড ভ্যানচালক জসিম (৪০), মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩)। তাঁরা যথাক্রমে মৌলভীবাজারের কমলগঞ্জ, মানিকগঞ্জের ঘিওর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পরে ডাক বিভাগের ডাক ও পার্সেল পরিবহনের কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply