দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি::দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আঞ্জুর মিয়া (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আঞ্জুর মিয়া ওই গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের নিকটাত্মীয় আনহার মিয়ার বাড়িতে বিয়ের দাওয়াত না দেওয়া নিয়ে শুক্রবার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার কনে পক্ষের বাড়িতে বিয়ের সামগ্রী আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আঞ্জুর মিয়া সম্পর্কে আনহার মিয়ার চাচা।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা