কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দি পালানোর ঘটনায় ৭ কারারক্ষী সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট ::গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক সাজাপ্রাপ্ত নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাতজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার তদন্তে একজন সিনিয়র জেল সুপারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া সাতজনের মধ্যে রয়েছেন তিনজন মেট্রন—লায়লা আঞ্জুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং চারজন নারী কারারক্ষী—শায়লা, শারমিন, জেমি ও আসমা আক্তার।
সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ জানান, প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগের সত্যতা পাওয়ায় শুক্রবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
কারা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা মেট্রনের অসতর্কতার সুযোগে সাজাপ্রাপ্ত বন্দি মোছা. রিম্পা (২১) অফিস ভবনের পাশের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। পরে বন্দি গণনার সময় তাঁর অনুপস্থিতি ধরা পড়ে। এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ।
কারা অধিদপ্তর জানিয়েছে, পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন। পাশাপাশি কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগার থেকে কীভাবে একজন বন্দি পালাতে সক্ষম হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পলাতক রিম্পার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর গ্রামে। তিনি মো. হাসান হাবিবের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের রায়ে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের পার্ট-৩-এ বন্দি ছিলেন।
এ ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র :যুগান্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা