নবীগঞ্জে মাইকিং করে সংঘর্ষে নিহত কৃষক ছাব্বিরের দাফন সম্পন্ন, আটক ৭

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত কৃষক ছাব্বির মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় রাধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের সঙ্গে রাধাপুর ও জামারগাঁও গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে সোমবার রাত ১০টার দিকে রাধাপুর গ্রামের ব্যবসায়ী আফজল মিয়ার সঙ্গে কাকুড়া-করিমপুর গ্রামের টমটম চালক রাশেদ, সিএনজি চালক মোহাম্মদ আলী ও সিরাজুলের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন সকালে মাইকিং করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। এতে অন্তত ৫০ জন আহত হন এবং কৃষক ছাব্বির মিয়া নিহত হন। গুরুতর আহতদের মধ্যে প্রায় ২০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ছাব্বির মিয়ার মরদেহের ময়নাতদন্ত শেষে দুপুরে গ্রামের বাড়ি রাধাপুরে আনা হলে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

এদিকে, এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে।

নিহত ছাব্বির মিয়ার জানাজায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের সিলেট মহানগর সেক্রেটারি মো. শাহজাহান আলী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আশরাফ আলী, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান মো. ছালিক মিয়া, কুশি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা