নিরাপত্তা উদ্বেগে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা ও কনসুলার সেবা সাময়িক বন্ধ

ডেস্ক রিপোর্ট:: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | সময়: ০৮:১০ অপরাহ্ন
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার ও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সোমবার বাংলাদেশ হাইকমিশনের নোটিশ বোর্ডে টানানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্য কারণে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে প্রদত্ত সব কনসুলার ও ভিসা সেবা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হলো।’
বিজ্ঞপ্তিতে সেবা প্রত্যাশীদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ২০–২৫ জনের একটি দল বিক্ষোভ প্রদর্শন করে। এর দুই দিন পরই হাইকমিশনের পক্ষ থেকে সেবা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো।
রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, তিনি এমন তথ্য পেয়েছেন যে বিক্ষোভকারীরা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে।
তবে একই দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, কোনো সময়ই নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি বা নিরাপত্তাহীন পরিস্থিতির সৃষ্টি হয়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, রোববার চট্টগ্রামে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়।
চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে ঢাকায়, খুলনায় ও সিলেটেও একদিন করে আইভিএসি বন্ধ রাখা হয়েছিল। ওইসব এলাকায় চলমান বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
এই পরিস্থিতির প্রেক্ষাপটে উভয় দেশের হাইকমিশনারদের তলব করা হয়েছে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা