স্টাফ রিপোর্টার:: সিলেট রেঞ্জের জুলাই ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদানের জন্য হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান বিশেষ সম্মাননা পেয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিআইজি আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি জোরদার করা, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার সাজেদুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ অর্জন হবিগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের নিরলস প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
এছাড়া মামলার নিষ্পত্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদ উল্যা শ্রেষ্ঠ ওসি এবং হবিগঞ্জ সদর মডেল থানার এএসআই আব্দুস সামাদ আজাদ শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।
সভায় সিলেট রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Leave a Reply