ডেস্ক রিপোর্ট :;
বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের (৮৩) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় তাকে শেষ বিদায় জানাতে সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে একইদিন সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বুধবার বিকেল ৫টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে।
জানাজায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে ও সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল বলেন, “আজ মিরসরাইবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি সারাজীবন চট্টগ্রাম ও মিরসরাইয়ের উন্নয়নে কাজ করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।”
অন্যদিকে, জানাজা অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মিরসরাইয়ের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ওইদিন এলাকায় বিএনপির কোনো দলীয় কর্মসূচি নেই এবং কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে বলেন।
উল্লেখ্য, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Leave a Reply