নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামে সেলিম মিয়া (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নিজ বাড়ির পাশের একটি বরুণ গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সেলিম মিয়া ওই গ্রামের মৃত মারুত মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে সেলিম মিয়াকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের একটি বরুণ গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় জমান।
পরিবারের সদস্যরা জানান, কী কারণে সেলিম মিয়া এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে সেলিম মিয়ার আকস্মিক মৃত্যুতে বৈঠাখাল গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মিত্র্যা জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply