ডেস্ক রিপোর্ট :: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে স্থাপিত দানবাক্স ও ঐতিহ্যবাহী ডেগে জমা হওয়া দানের অর্থ প্রথমবারের মতো প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যে গণনা করা হয়েছে। গণনা শেষে ৪ দিনের জমাকৃত দান থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।
সোমবার (২২ জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মাজার প্রাঙ্গণে দান গণনার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক উৎসুক মানুষ উপস্থিত ছিলেন।
সিলেট ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত ওয়াকফ কর্মকর্তা মো. সজল মিয়া জানান, মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ ও একটি দানবাক্স থেকে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। এছাড়া দান হিসেবে জমা পড়া স্বর্ণের চেইন, আংটি ও ছোট ছোট স্বর্ণখণ্ডসহ প্রায় ৭ আনা স্বর্ণ এবং সৌদি রিয়াল, মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ডসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে মাজারে নতুন দানবাক্স স্থাপন করা হয় এবং তিনটি ঐতিহাসিক ডেগ সিলগালা করা হয়। নিরাপত্তার স্বার্থে সেখানে আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল।
প্রায় ৭০০ বছরের প্রচলিত রীতির বাইরে গিয়ে প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দান গণনার এ উদ্যোগ নেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম। বিষয়টি ঘিরে মাজার এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে। গণনার সময় উপস্থিত সাধারণ মানুষের একটি অংশ সারওয়ার আলমের উদ্যোগের প্রশংসা করে বিভিন্ন স্লোগান দেয়।
নজিরবিহীন এ আয়োজনকে কেন্দ্র করে মাজার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
ওয়াকফ কর্মকর্তা সজল মিয়া আরও জানান, গণনা শেষে প্রাপ্ত অর্থ সোনালী ব্যাংকে শাহজালাল (রহ.) মাজারের নামে পরিচালিত হিসাব নম্বরে জমা রাখা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ অর্থের সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত নেবে।
গণনার সময় জেলা প্রশাসক সারওয়ার আলম উপস্থিত থাকলেও কার্যক্রমের শেষ দিকে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা না বলে মাজার এলাকা ত্যাগ করেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply