ডেস্ক রিপোর্ট:;প্রথম সিলেট ডেস্ক:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগে ভূমি প্রতিরোধ আইনের মামলায় হাজিরা দিতে এসে দুই সহোদরকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আওয়ামী লীগের স্থানীয় একজন কর্মীসহ তাঁরা বর্তমানে জেল হাজতে রয়েছেন।
গ্রেফতার দুই সহোদর হলেন উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরিজপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী মো. আলী হোসেন (৪৫) ও তাঁর ভাই মো. নূর হোসেন (৪০)। আজ ২৮ জুলাই মঙ্গলবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৫, হবিগঞ্জ-এ হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাঁদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
অন্যদিকে, কাগজপত্রে আওয়ামী লীগ কর্মী হলেও গত জুলাই বিপ্লবের পর থেকে আলী হোসেন নিজেকে বিএনপির লোক হিসেবে এলাকায় পরিচয় দিয়ে আসছেন বলে জানা গেছে।
জানা যায়, একই ইউনিয়নের দক্ষিণ গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আদিল হোসেনের মালিকানাধীন ইলিমপুর মৌজার আরএস ও নামজারি দাগ নং-৫৭০-এ ১.৫ শতাংশ জমি জোরপূর্বক অবৈধভাবে দখল করে যুক্তরাজ্য প্রবাসী ছানু মিয়ার বাড়ির সামনে রাস্তা নির্মাণের জন্য স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আলী হোসেন (৪৫) ও তাঁর ভাই মো. নূর হোসেন (৪০) উঠে পড়ে লাগেন। এই বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় ১০-১২ বছর মামলা-মোকদ্দমা চলার পর বিষয়টি আপোষে নিষ্পত্তি হয়। কিন্তু আপোষের পর ২০২৫ সালের দিকে পুনরায় এই জমি দখলে নিতে আলী হোসেন ও তাঁর সহযোগীরা নতুন করে পাঁয়তারা শুরু করেন এবং হবিগঞ্জ এডিএম কোর্টে পরপর দুটি মিথ্যা মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে আদিল হোসেনের বোন মোছা. ডলি হোসাইন বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৫, হবিগঞ্জ-এ ভূমি প্রতিরোধ আইনে একটি মামলা (নং-সিআর-৩০৫/২০২৬) দায়ের করেন। মঙ্গলবার সকালে ওই মামলায় হাজিরা দিতে আসা আসামিদের আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।
মামলার বাদী মোছা. ডলি হোসাইন বলেন, এই জমি তাঁদের পারিবারিক মৌরসী সম্পত্তি। প্রবাসী ছানু মিয়া গ্যাসফিল্ডের কাছে তাঁর নিজ বাড়ির রাস্তার জন্য ৩ শতক জমি বিক্রি করে টাকা উত্তোলন করেছেন। এখন বাড়ির সামনের দিকে রাস্তা করতে তাঁদের মৌরসী ভূমি চাচাতো ভাই আলী হোসেন ও তাঁর লোকজনের মাধ্যমে দখল করাতে চান এবং এডিএম কোর্টে মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করছেন। অথচ তাঁদের বাড়ির পেছন দিকে সুপ্রশস্ত রাস্তা রয়েছে। তাঁরা আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত বিবাদীদের জেল হাজতে পাঠিয়েছেন।
ভূমির মালিক আদিল হোসেন বলেন, তাঁর মৌরসী জায়গার ওপর পাকা ঘর রয়েছে। আলী হোসেন ও তাঁর লোকজন তাঁর ঘর ভেঙে চাচাতো ভাইয়ের বাড়ির রাস্তা করতে চান। এই কারণে তাঁরা আইনের দ্বারস্থ হয়েছেন।বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছাদিকুর রহমান বলেন, বিবাদী পক্ষ জমি দখল করতে এডিএম কোর্টে অযথা মামলা দিয়ে বাদী পক্ষকে হয়রানি করেন।
বাদী পক্ষ আদালতে ভূমি প্রতিরোধ আইনে মামলা করলে বিজ্ঞ আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
Leave a Reply