ডেস্ক রিপোর্ট :: মজলিসেরবাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস।
শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন শেষ হওয়ায় ১১ দলীয় ঐক্যের কার্যকারিতা আর নেই। এ কারণে এখন থেকে জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস। তবে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে ভবিষ্যতে বৃহত্তর কোনো ঐক্যের প্রয়োজন দেখা দিলে বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানানো হয়।
দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১১ দলের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তা এখন আর কার্যকর নেই। যদিও গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েকটি বিষয়ে মতের মিল রয়েছে, সেগুলো নিয়ে খেলাফত মজলিস ভবিষ্যতে স্বতন্ত্রভাবে কাজ করবে।
এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো কর্মসূচির ব্যানার বা প্রচারণায় তাদের দল বা নেতাদের নাম ব্যবহার না করতে। পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়।খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে দলের কেন্দ্রীয় ও নির্বাহী পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply