ডেস্ক রিপোর্ট ::রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রথমে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ১৩ জনকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
নিহতদের মধ্যে নারী, পুরুষ ও একটি শিশু রয়েছে। তবে তাঁদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনের ভেতরে বিপুল পরিমাণ আসবাব ও দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিকে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় ১০টার দিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
Leave a Reply