ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১০০ মিলিয়ন ডলারের মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান

ডেস্ক রিপোর্ট ::

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি জরুরি ভিত্তিতে অঞ্চলের একটি মার্কিন ঘাঁটিতে অবতরণ করে।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানি বাহিনীর গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিমানটি দ্রুত নিরাপদ ঘাঁটির দিকে মোড় নেয় এবং সফলভাবে অবতরণ করে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, ইরানের বিরুদ্ধে পরিচালিত একটি সামরিক অভিযানের সময় এই ঘটনা ঘটে। তিনি বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান সরাসরি ইরানের আঘাতের শিকার হলো। আধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি এফ-৩৫ যুদ্ধবিমানের নির্মাণ ব্যয় ১০০ মিলিয়ন ডলারেরও বেশি।

এদিকে একই সময়ে ইসরাইলের বিভিন্ন স্থাপনাতেও পাল্টা হামলা চালিয়েছে ইরান। উত্তরাঞ্চলের কিরিয়াত শেমোনা শহরে রকেট হামলায় কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া হাইফা অঞ্চলে একটি তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যদিও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুধু ইসরাইলই নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় হামলায় দেশটির উল্লেখযোগ্য গ্যাস রফতানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সৌদি আরব ও কুয়েতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা