ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি চেয়ে হাইকোর্টের রুল

ডেস্ক রিপোর্ট ::ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে জানতে চাওয়া হয়েছে, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করায় কেন তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং কেন চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হবে না।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান রিটটি দায়ের করেন।

রিটকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বলেন, ইউপি চেয়ারম্যানদের গ্রাম আদালত পরিচালনাসহ গুরুত্বপূর্ণ বিচারিক দায়িত্ব পালনের ক্ষমতা রয়েছে। গ্রাম আদালতে তারা তিন লাখ টাকা পর্যন্ত মূল্যমানের মামলা নিষ্পত্তি করতে পারেন। অথচ একই ধরনের দায়িত্ব পালনের জন্য একজন বিচারিক ম্যাজিস্ট্রেটকে স্নাতক ডিগ্রি অর্জন করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নেই।

এই অসামঞ্জস্যের বিষয়টি তুলে ধরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা