ডেস্ক রিপোর্ট ::দীর্ঘ প্রায় বিশ বছর পর সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের পর হযরত শাহপরান (রহ.) এর মাজারে জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরের পুরো পথে সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভালোবাসায় সিক্ত হন তিনি।
বুধবার (২১ জানুয়ারি) রাতে শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে রাত ৯টা ৪০ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর হযরত শাহপরান (রহ.) মাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে রাস্তার দুই পাশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক আধাঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। অবশেষে রাত ১১টা ১০ মিনিটে তিনি মাজার ফটকে পৌঁছান এবং সেখানে জিয়ারত সম্পন্ন করেন।
জিয়ারত শেষে তারেক রহমান সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
হযরত শাহপরান (রহ.) মাজার প্রাঙ্গণে তাকে স্বাগত জানাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তারেক রহমান গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ১৩০ জন অরাজনৈতিক তরুণের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বেলা ১১টার দিকে তিনি সিলেট আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন এবং সেখানে ভাষণ দেবেন।
পরবর্তীতে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন। আয়োজকদের ভাষ্যমতে, দুপুর ১টা থেকে ২টার মধ্যে সেখানে তারেক রহমান পৌঁছাবেন।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক নাসির রহমান জানান, সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
মৌলভীবাজারের কর্মসূচি শেষে তারেক রহমান হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাসংলগ্ন মাঠে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সেখানকার সমাবেশেও অংশ নেবেন।
Leave a Reply