ডেস্ক রিপোর্ট ::ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেফতার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)-এর সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসটিএফের দাবি, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধ করে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।
গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে বনগাঁ সীমান্ত এলাকায় তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, শরিফ ওসমান হাদিকে হত্যার পর ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় এসে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply