শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মাধবপুর এলাকা থেকে একটি কালো রঙের নোয়া গাড়িতে করে মাদকদ্রব্য সিলেটের দিকে পাচার করা হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে রাত ৩টা ৫৫ মিনিটের দিকে দেবপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এসআরবির একটি দল। এ সময় সন্দেহভাজন নোয়া গাড়িটিকে থামার সংকেত দিলে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন আলম মিয়া। পরে তাকে আটক করা হয়।
আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ির সিটের ভেতর থেকে দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ও খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাকেট করা মোট ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া গাড়িটি জব্দ করা হয়।
গ্রেফতার আলম মিয়া হবিগঞ্জের মাধবপুর থানার মেহেরপুর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতার ব্যক্তিকে উদ্ধার করা মাদক ও জব্দ করা গাড়িসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply