ডেস্ক রিপোর্ট::স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান অনুসারেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সোমবার (২ মার্চ) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী–কে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রস্তাব দিয়েছে—এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় উল্লেখ করেন, সংসদের কার্যক্রম সম্পূর্ণভাবে সংবিধান মেনেই পরিচালিত হবে এবং প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ তারই অংশ।
তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জাতীয় সংসদে অংশ নিতে পারেন না; কেবল নির্বাচিত সংসদ সদস্যরাই সংসদে অংশগ্রহণের অধিকার রাখেন।
সংবিধান সংস্কার ইস্যুতে চলমান রাজনৈতিক আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে মতামত দেওয়ার সুযোগ থাকলেও অসাংবিধানিক কোনো বিষয় জাতীয় সংসদে উত্থাপন করা যাবে না।
তিনি আরও জানান, গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজন হলে তা জাতীয় সংসদে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য সংবিধান সংশোধনী আনতে হবে এবং তা পাস হওয়ার পরই সংস্কার পরিষদ গঠনের প্রক্রিয়া, শপথ ও অন্যান্য বিষয় চূড়ান্ত করা সম্ভব হবে।
সূত্র: ইত্তেফাক।
Leave a Reply