ডেস্ক রিপোর্ট: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত একটি হাতিকে বাঁচানো সম্ভব হয়নি। আজ সোমবার দুপুর ১টার দিকে হাতিটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ।

তিনি জানান, দুর্ঘটনায় হাতিটির মেরুদণ্ড ও পায়ে মারাত্মক আঘাত লেগেছিল। সিকৃবি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞ চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা করলেও তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত হাতিটিকে রক্ষা করা যায়নি।

ঘটনাটি ঘটে শনিবার রাতে। দক্ষিণ সুরমা এলাকায় রেললাইনের পাশে কলাগাছ খাচ্ছিল হাতিটি। এ সময় ট্রেনের হুইসেল শুনে আতঙ্কিত হয়ে হাতিটি পাশের একটি ডোবায় পড়ে যায়। দুর্ঘটনার পর পুরো রাত প্রায় ১৪ ঘণ্টা হাতিটি ওই ডোবায় পড়ে ছিল।

রোববার বিকেলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের একটি দল, পুলিশ এবং বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ ও কঠিন প্রচেষ্টার পর বিকেল ৩টার দিকে হাতিটিকে ডোবা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত হাতিটি ব্যক্তিগত মালিকানাধীন ছিল। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে সিলেটে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ভাড়ায় আনা হয়েছিল হাতিটিকে।

সিকৃবি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার-পরবর্তী সময়ে হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছিল। তবে গুরুতর আঘাতের কারণে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাতিটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

দক্ষিণ সুরমায় ট্রেনের ধাক্কায় আহত হাতিটির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সরকার বাজার এলাকায় অবস্থিত রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় থার্মাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কারখানার ভেতরে মেশিনের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন কারখানার সহকারী ম্যানেজার মো. আসাদুল ইসলাম। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা।

এ ঘটনায় আহত হয়েছেন বয়লারের হেলপার মো. আব্দুল হাকিম (সিরাজগঞ্জ), ইলেকট্রিশিয়ান মো. আব্দুল বাশার চেস্তি (বগুড়া) এবং কারখানার মেশিন সার্ভিসিং কাজে আসা গোলাম রব্বানী (ঢাকা)। আহতদের শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজের রেসিডেন্স ম্যানেজার শাকিল আহমেদ জানান, মেশিনের নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ব্যাকফায়ারের কারণে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শ্রীমঙ্গলে থার্মাল অয়েল হিটার বিস্ফোরণ।। নিহত ১,আহত ৩

ফেসবুকে আমরা