নবীগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে এক সতর্কীকরণ বার্তা প্রকাশ করা হয়েছে। বার্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন তাঁর পরিচয় ব্যবহার করে কেউ প্রতারণার চেষ্টা করলে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
প্রকাশিত পোস্টে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয় দিয়ে কেউ কোনো ধরনের প্রলোভন দেখালে বা অর্থ লেনদেনের অনুরোধ করলে তা থেকে বিরত থাকতে হবে। কোনো অবস্থাতেই যাচাই-বাছাই ছাড়া আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পোস্টে আরও বলা হয়, এ ধরনের ঘটনার সম্মুখীন হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম-পরিচয় সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে। পাশাপাশি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করারও আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. রুহুল আমিন বলেন, আমার পরিচয় ব্যবহার করে কেউ কোনো প্রকার প্রলোভন বা আর্থিক লেনদেনের প্রস্তাব দিলে তা বিশ্বাস করবেন না। সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে দ্রুত প্রশাসনকে জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply