ডেস্ক রিপোর্ট::
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা খুবই কম।
বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন। তবে তিনি এখনো পুরো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি। আগামী সপ্তাহে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
গত ১৭ মে ডান পায়ে গ্রেড-টু ইনজুরিতে আক্রান্ত হন নেইমার। এরপর থেকে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। বিশ্বকাপ শুরুর আগে পুরো সপ্তাহ জুড়ে তিনি জিমে অনুশীলন করেছেন, কিন্তু সতীর্থদের সঙ্গে মাঠে নামেননি।
এ কারণে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তার অনুপস্থিতি প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
তবে কোচ আনচেলত্তি মনে করেন, মাঠে না খেললেও দলের জন্য নেইমারের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নেইমারের অভিজ্ঞতা ও নেতৃত্ব তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করবে।
ব্রাজিল শিবির আশা করছে, গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে নেইমারকে মাঠে দেখা যেতে পারে। আগামী ১৯ জুন অনুষ্ঠিত ওই ম্যাচেই বিশ্বকাপে তার প্রথম উপস্থিতি ঘটতে পারে।
Leave a Reply