সিলেট প্রতিনিধি: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৩০ জন। বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৫ জন সন্দেহজনক হাম রোগী।
রোববার (১১ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিলাল আহমেদের ছয় মাস বয়সী ছেলে আরাব। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া অপর দুই শিশু সুনামগঞ্জের বাসিন্দা। তারা হলো—সাইদুল আলমের ১৪ মাস বয়সী মেয়ে ইবা আক্তার এবং জান্নাত মিয়ার ১০ মাস বয়সী ছেলে রাইয়ান। তারাও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮০ জন ছিলেন সন্দেহজনক হাম রোগী এবং ১০ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৩০ জনের মধ্যে ৫৫ জনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৫০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২৫ জনকে বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫১৫ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।