‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাঁটার ভিডিও ভাইরাল, এবার সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রাণী পাল

ডেস্ক রিপোর্ট ::সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে হাঁটার ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত শিক্ষকদের মধ্য থেকে চারজনকে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে বাছাই করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়।
জেলা পর্যায়ে নির্বাচিত চার শিক্ষক হলেন—সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগরের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম, ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবং গোলাপগঞ্জের ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
এর আগে গত ২৩ জুলাই বিউটি রাণী পাল ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। নীল শাড়ি পরে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে হাঁটার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন এবং সমালোচনার মুখেও পড়েন।
পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানের শিক্ষকরা একই গান ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানান।
সমালোচনার মধ্যেও পরিবার, দেশবাসী ও সাংবাদিকদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছিলেন বিউটি রাণী পাল।
উল্লেখ্য, এর আগেও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ আয়োজনে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা