হবিগঞ্জের চার আসনে ২৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই ও প্রত্যাহার পর্ব শেষে চূড়ান্ত তালিকাভুক্ত মোট ২৪ জন বৈধ প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
গতকাল বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন প্রার্থীদের হাতে নিজ নিজ নির্বাচনী প্রতীক তুলে দেন। এ সময় প্রার্থী, তাঁদের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা তাদের দলীয় প্রতীক পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আলাদা আলাদা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রতীক প্রাপ্তরা হলেন-
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল): আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) শেখ সুজাত মিয়া (ঘোড়া), বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম (রিক্সা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর প্রার্থী কাজী তোফায়েল আহমেদ (মোটরগাড়ি)।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ): আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান (ধানের শীষ), খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল বাছিত আজাদ (দেয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ (ফুটবল), জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ এর প্রার্থী লুকমান আহমেদ তালুকদার (মই), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মোক্তাদির চৌধুরী (লাঙ্গল)।
হবিগঞ্জ-৩ (সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই): আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জি কে গউছ (ধানের শীষ), জামায়াতে ইসলামির প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ (দাঁড়ি পাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহিনুর রহমান (ছড়ি), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি)।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট): আসনে বিএনপি মনোনীত প্রার্থী সভাপতি সৈয়দ ফয়সল (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন তাহেরী (মোমবাতি), খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আব্দুল কাদের (দেয়ালঘড়ি), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ মোঃ আল আমিন, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ এর প্রার্থী মজিবুর রহমান (মই), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রাশেদুল ইসলাম খোকন (ছড়ি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল মোস্তফা (আপেল)।
প্রার্থীরা নিজ নিজ পছন্দের প্রতীক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এখন তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামতে পারছেন। পোস্টার, লিফলেট বিতরণ, গণসংযোগ ও সভা-সমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
প্রচারণাকালে নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। এদিকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে হবিগঞ্জে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে। ভোটারদের মাঝেও প্রার্থীদের প্রতীক ও অবস্থান নিয়ে আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা