আজ পবিত্র শবে বরাত: রহমত, মাগফিরাত ও বরকতের মহিমান্বিত রজনি

ডেস্ক রিপোর্ট ::আজ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবে বরাত। হিজরি সনের ১৪ শাবান দিবাগত এই রাত মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ এক পবিত্র রজনি। এ রাতকে আরবি ভাষায় বলা হয় ‘লাইলাতুল মুবারাকা’ বা বরকতময় রজনি।
ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, এ রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন এবং মানুষের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নির্ধারণ করা হয়।
শবে বরাতের রাতে মানুষের জন্ম-মৃত্যু, রিজিক এবং সারাবছরের আমলনামা নির্ধারিত হয়। এ কারণেই মুসলিম বিশ্বে রাতটি সৌভাগ্যের রাত হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতটি ইবাদত-বন্দেগির মাধ্যমে অতিবাহিত করেন।
শবে বরাত উপলক্ষে দেশের মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ রাতে মুসল্লিরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দরুদ পাঠে মগ্ন থাকেন। অতীত জীবনের পাপ ও ভুলের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ব্যক্তি, পরিবার ও সমাজের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
‘শবে বরাত’ শব্দটি ফারসি ভাষা থেকে বাংলায় এসেছে। ফারসি ভাষায় ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি বা সৌভাগ্য। আরবি ভাষায় এ রাতকে বলা হয় ‘লাইলাতুন নিসফে শাবান’—অর্থাৎ শাবান মাসের মধ্যরাত। হাদিস শরিফে এ রাতের ফজিলত ও মর্যাদার কথা উল্লেখ রয়েছে।
অনেক ধর্মপ্রাণ মুসলমান শবে বরাতের রাতে পিতা-মাতা, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পাশাপাশি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন ধরনের দান-সদকা করা হয়। আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখতে অনেক পরিবার ঘরে ঘরে হালুয়া-রুটি ও উপাদেয় খাবার প্রস্তুত করে বিতরণ করে থাকে।
পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য পবিত্র রমজানের আগমনী বার্তাও বহন করে। শাবান মাসের মাত্র দুই সপ্তাহ পরই শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান। ফলে শবে বরাত থেকেই অনেক মুসলমান রমজানের আত্মিক ও মানসিক প্রস্তুতি গ্রহণ শুরু করেন।
ধর্মপ্রাণ মুসলমানদের প্রত্যাশা, এ বরকতময় রাতে মহান আল্লাহ তায়ালা সবাইকে ক্ষমা করে দেবেন এবং ব্যক্তি ও জাতির জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা